অর্ধ কোটি টাকা নিয়ে বন্যার্তদের পাশে ‘স্টেডফাস্ট’

২৪ আগষ্ট, ২০২৪ ১৯:১৫  

প্রায় অর্ধ কোটি টাকার আর্থিক সহায়তা এবং লজিস্টিক্স সেবা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শীর্ষ পণ্য পরিবহণ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ার। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেশের স্মরণকালের ভয়াবহ এই বন্যায় নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বন্যার্তদের সহায়তায় ইতোমধ্যে আস-সুন্নাহ ত্রাণ ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে ইতোমধ্যে ২০ লাখ টাকা প্রদান করেছে স্টেডফাস্ট। পাশাপাশি স্টেডফাস্টের কর্মকর্তা ও কর্মচারিদের অনুদান এবং প্রাতিষ্ঠানিক তহবিল থেকে আরও প্রায় ২৫ লাখ টাকার ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হচ্ছে।

এ বিষয়ে স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে এম রিদওয়ানুল বারী জিওন বলেন, গত বুধবার থেকে স্টেডফাস্ট ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে স্টেডফাস্ট ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকবে। অর্থ ও ত্রাণ সামগ্রী সহায়তা ছাড়াও স্টেডফাস্টের প্রায় ১০-১২টি ট্রাক বিনামূল্যে দেওয়া হচ্ছে। কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি ত্রাণ সামগ্রী পৌঁছাতে চায়, তাহলে স্টেডফাস্টের এই পরিবহণ সুবিধা বিনামূল্যে ব্যবস্থার করতে পারবেন। স্টেডফাস্ট প্রাতিষ্ঠানিকভাবে এবং কর্মীদের সবার সহযোগিতা ও শ্রমে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।